
শীতলক্ষ্যা রিপোর্ট
নারায়ণগঞ্জের ফতুল্লার কায়েমপুর এলাকায় দিন-রাত মাদক বেচাকেনা চলার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, জাহাঙ্গীর ওরফে ‘হান্ড্রেট জাহাঙ্গীর’ নামে পরিচিত এক ব্যক্তির নেতৃত্বে কয়েকজন বিক্রেতার মাধ্যমে এলাকায় ইয়াবার কারবার পরিচালিত হচ্ছে। কায়েমপুর বটতলা থেকে শুরু করে তাঁর বাড়িসংলগ্ন ‘গাজর গলি’ পর্যন্ত বিস্তৃত এলাকায় এ মাদক কারবার চলছে বলে দাবি এলাকাবাসীর।
অভিযোগ রয়েছে, জাহাঙ্গীরের কথিত মাদক কারবারি দলের হয়ে ফারুক, জসিম এবং কদির বক্সের ছেলে-ভাতিজা সজিবসহ কয়েকজন খুচরা পর্যায়ে ইয়াবা বিক্রি করছেন। তাঁদের মাধ্যমে প্রতিদিন বিপুল পরিমাণ ইয়াবা বিক্রি হচ্ছে বলেও স্থানীয়দের দাবি।
এলাকাবাসীর অভিযোগ অনুযায়ী, প্রতিদিন প্রায় ২০০ পিস ইয়াবা বিক্রি হয়। তাঁদের দাবি, এই পরিমাণ ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫০ হাজার টাকা হলে মাসিক বিক্রির পরিমাণ দাঁড়ায় প্রায় ১৫ লাখ টাকা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এমন কর্মকাণ্ড চলার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ তাঁদের চোখে পড়ছে না। এতে এলাকার তরুণ সমাজের মধ্যে মাদক ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা।
কায়েমপুর এলাকার বাসিন্দারা মাদক কারবারের অভিযোগ তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে মাদক বিক্রির কথিত স্থানগুলোতে নজরদারি বৃদ্ধি, নিয়মিত অভিযান এবং স্থানীয় তরুণদের মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে। বিষয়টি জানা ছিল না, খোঁজ নিয়ে দেখছি। মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স।