
শীতলক্ষ্যা রিপোর্ট
দলের বহিষ্কৃত’রা বেঈমান- মান্নান!
নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেন, কিছু নেতা দল থেকে বহিষ্কৃত হয়ে বিএনপির সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তারা বেঈমান ছাড়া কিছু নয়। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে সোনারগাঁও পৌরসভার দরপত ঈদগাঁ মাঠে আয়োজিত নির্বাচনী প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, আমি কখনো নেতা হওয়ার চিন্তা করে রাজনীতি করিনি। নেতা হয়ে নয়, আপনাদের ভালোবাসায় থাকতে চাই।
তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পরীক্ষিত ও ত্যাগী নেতাদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ সুগম করেছেন। ভোট পাওয়ার জন্য আমরা মিথ্যা আশ্বাস দেই না। তারেক রহমানের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে- দেশের প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে এবং কৃষকদের দেওয়া হবে বিনাসুদে ঋণ।
তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আপনারা যদি ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করে জাতীয় সংসদে পাঠান, তাহলে এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। ইনশাআল্লাহ, মা-বোনদের বৈধ গ্যাস সংযোগের ন্যায্য দাবি পূরণ করা হবে।
সভাটি সোনারগাঁও পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক হযরত আলী রানার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মিয়া, যুগ্ম সম্পাদক আতাউর রহমান প্রধান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিম, আব্দুল হানিফ, সোনারগাঁ যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ, যুবদল নেতা রাকিব হাসান, সালেহ মুসা, আল-আমিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আজহারুল ইসলাম মান্নানকে বিজয়ী করার আহ্বান জানান।