শীতলক্ষ্যা রিপোর্ট
ফতুল্লা থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক তানভীর আহম্মেদকে জড়িয়ে মাদক ব্যবসার অভিযোগ ছড়িয়ে তাকে রাজনৈতিকভাবে বিতর্কিত করার অপচেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি। এ অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করে তানভীর বলেন, রাজনৈতিক প্রতিপক্ষই তাকে হেয় প্রতিপন্ন করতে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।
সম্প্রতি ফতুল্লা মডেল থানা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেনের নেতৃত্বে কাশীপুর ইউনিয়নের নরসিংপুর এলাকায় সানি নামে এক ব্যক্তির মাদক বিক্রির আস্তানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চার মাদক বিক্রেতাকে আটক করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
এ অভিযানের পর একটি মহল তানভীর আহম্মেদের নাম জড়িয়ে মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ছড়াতে শুরু করে। তবে এসব অভিযোগ অস্বীকার করে তানভীর আহম্মেদ বলেন, “আমরা নিজেরাই এলাকায় মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। স্থানীয়ভাবে উদ্যোগ নিয়ে সানির মাদক স্পট গুঁড়িয়ে দিয়েছি। এমনকি তার সঙ্গে পারিবারিক সম্পর্কও ছিন্ন করেছি এবং তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আমি দীর্ঘদিন ধরে বৈধভাবে মাটি ও ইটের ব্যবসা করছি। ট্রেড লাইসেন্স নিয়ে সরকারকে নিয়মিত ভ্যাট ও কর পরিশোধ করে ব্যবসা পরিচালনা করছি। রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে বিতর্কিত করতে পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।
তানভীর হাসান দাবি করেন, কেউ যদি মাদক ব্যবসা বা মাদক সেবনের সঙ্গে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা প্রমাণ করতে পারে, তাহলে আমি আইন অনুযায়ী যে কোনো শাস্তি মাথা পেতে নেব।
এ বিষয়ে জানতে চাইলে অভিযানের নেতৃত্বদানকারী অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) শামীম হোসেন বলেন,নরসিংপুরে সানির মাদক স্পটে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা দেওয়া হয়েছে। তবে তানভীর নামে কারও মাদক স্পট সম্পর্কে আমাদের কোনো তথ্য নেই।
এদিকে স্থানীয় রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। স্থানীয়দের দাবি, যারা প্রকৃত মাদক ব্যবসায়ী তাদের আড়াল করতেই তানভীরকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।