ফতুল্লার মাসদাইরে মাদকবিরোধী এক অভিযানে গিয়ে আবারো হামলার শিকার হয়েছে র্যাব-১১'র ৩ সদস্য। এর আগে জাহিদ বাহিনীকে গ্রেপ্তার করতে গিয়ে একই এলাকায় আক্রমণের শিকার হয় র্যাব সদস্যরা। সে সময় র্যাব'কে টার্গেট করে করা গুলি পাশের বাড়ির এক মহিলার শরীরে লাগে।
মঙ্গলবার (৫ মে) দুপুর ১ টায় নারায়ণগঞ্জ শহরের মাসদাইর বাজার বয়ালিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে মাহী ও ইব্রাহীম নামে র্যাবের দুই সদস্যকে সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া গুরুতর আহত এস আই নজিবুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
খবর পেয়ে র্যাব-১১ ব্যাটেলিয়ান অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ
হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে সদর জেনারেল হাসপাতালে আহতদের দেখতে যান। পরে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। তবে এ বিষয়ে র্যাবের পক্ষ থেকে এখন পর্যন্ত সাংবাদিকদের কিছু জানানো হয়নি। পরে ব্রিফিং করা হবে বলে জানিয়েছেন র্যাব-১১ ব্যাটেলিয়ান অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।
স্থানীয়রা জানায়, দুপুরে তিনজন র্যাব কর্মকর্তা মাদকবিরোধী অভিযানে তথ্য সংগ্রহের জন্য শহরের বয়ালিয়া খাল এলাকায় যায়। এ সময় কয়েকজন সন্ত্রাসী অতর্কিত র্যাব কর্মকর্তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। এতে তিনজন র্যাব কর্মকর্তা আহত হয় তাদের প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।