শীতলক্ষ্যা রিপোর্ট
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কথিত মিথ্যা অপপ্রচার ও হয়রানির প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) বিকেলে শহরের চাষাঢ়া এলাকায় স্থানীয় ভুক্তভোগী ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি চক্র পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য প্রচার করে নিরীহ ব্যক্তিদের সম্মানহানি করছে। বিশেষ করে ফতুল্লা থানার একটি কম্পিউটার দোকানকে কেন্দ্র করে সংঘটিত ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে বলে তারা দাবি করেন।
বক্তারা আরও বলেন, এসব অপপ্রচারের কারণে ভুক্তভোগী ব্যক্তি ও তার পরিবার সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা দ্রুত সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধন থেকে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়, যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও ব্ল্যাকমেইলিং বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয় এবং নিরপরাধ মানুষকে হয়রানি থেকে রক্ষা করা হয়।
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসক বরাবর দেওয়া অভিযোগের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করেন।