শীতলক্ষ্যা রিপোর্ট
নির্বাচন আচরণবিধির তোয়াক্কা না করে ধানের শীষ প্রতীক সামনে রেখে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনার অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, শাহ আলম বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কৃত হলেও এখনো বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষকে পুঁজি করে গণসংযোগ চালাচ্ছেন।
স্থানীয় সূত্র জানায়, শাহ আলমের পক্ষে তার স্ত্রী সুমি ধানের শীষ প্রতীক সামনে রেখে গণসংযোগ, লিফলেট বিতরণ ও আলোচনা সভা করে বেড়াচ্ছেন।
এতে করে সাধারণ ভোটারদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। অনেক ভোটারকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে শাহ আলমই নাকি ধানের শীষের প্রকৃত প্রার্থী, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর এবং নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
ফতুল্লার বিভিন্ন এলাকায় এ নিয়ে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। তাদের অভিযোগ, নির্বাচনী বৈতরণী পার হওয়ার আশায় ধানের শীষ প্রতীকের জনপ্রিয়তাকে ব্যবহার করে সহানুভূতি ও ভোট আদায়ের অপচেষ্টা চালাচ্ছেন শাহ আলম।
এ বিষয়ে ফতুল্লার কয়েকজন বিএনপি নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন,লজ্জা মানুষের একটি অমূল্য সম্পদ। যার লজ্জা নেই, সে যেকোনো কিছু করতে পারে। বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পরও কীভাবে কেউ ধানের শীষ প্রতীক ব্যবহার করে ভোট চাইতে পারে, তা আমাদের বোধগম্য নয়।
তারা আরও বলেন, নির্বাচন কমিশনের উচিত দ্রুত বিষয়টি আমলে নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের দুঃসাহস দেখানোর সাহস না পায়।