শীতলক্ষ্যা রিপোর্ট
নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপির নেতাত্বাধীন জোট প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, যারা হাতি ও ঘোড়া প্রতীকে নির্বাচন করছেন, তারা বিএনপির শত্রু। তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ারও শত্রু। তারা যদি সত্যিকার অর্থে দলকে ভালোবাসতেন, তাহলে দল থেকে বহিষ্কৃত হতেন না। বহিষ্কৃত হওয়ার পর এখন তারা দলের বিরুদ্ধেই অবস্থান নিয়েছেন—এটা দলের সঙ্গে চরম শত্রুতা।
আজ বেলা ১২টায় শাসনগাঁও এলাকায় উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। এসময় এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম আলমগীর, সহ-সভাপতি হাজী শাহাদাত হোসেন শাহদুল্লাহ, জেলা মহিলা দলের সহ-সভাপতি রোজিনা মেম্বার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন খোকা, বিএনপি নেতা শাহজাহান আলী উপস্থিত ছিলেন।
গতকাল সকাল ১০টায় মুসলিমনগর নয়াবাজার এলাকা থেকে গণসংযোগ শুরু করে পর্যায়ক্রমে হবুইল্লার ব্রিজ, শাসনগাঁও শাহী মসজিদ, বিসিক ১৫ নম্বর পিলার, মাসদাইর খানকার মোড়, পাকাপোল ও কবরস্থানের সামনে এসে কর্মসূচি শেষ করেন তিনি। এ সময় রাস্তার পাশে উৎসুক জনতা ফুলের পাপড়ি ছিঁটিয়ে ও ফুলের মালা পরিয়ে মুফতি মনির হোসাইন কাসেমীকে বরণ করে নেন।
মনির হোসাইন কাসেমী আরও বলেন, ১২ তারিখে বিপ্লব হবে, তবে সেই বিপ্লব হবে ব্যালটের সিল মারার বিপ্লব। খেজুর গাছের বিপ্লব। খেজুর গাছে ভোট দিলে সেই ভোট ধানের শীষেই যাবে। যারা তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, তাদের খেজুর গাছ প্রতীকে ভোট দিতে হবে। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে সন্ত্রাস, মাদকমুক্ত সমাজ ও সার্বিক উন্নয়ন সম্ভব হবে।