শীতলক্ষ্যা রিপোর্ট
নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি জোট প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, আগামি ১২ ফেব্রুয়ারি জিতা ছাড়া আমাদের অন্য কোনো অপশন নাই।
এদেশে আমরা শতকরা ৯০% মুসলমান। আমরা যেনো এদেশে মুসলিম জাতিসত্তা নিয়ে টিকে থাকতে পারি, সেজন্য মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম যুক্ত করেছেন।
ক্ষমতায় যাওয়ার মতো একমাত্র দল বিএনপি যারা এই ওয়াদা ব্যক্ত করেছেন যে, যদি তারা ক্ষমতায় যেতে পারেন তাহলে সংবিধানে ‘আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ প্রতিস্থাপন করবেন।
গতকাল কুতুবপুর ইউনিয়নের নূরবাগে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল আলম সেন্টু, ফতুল্লা থানা বিএনপির সহ সভাপতি হাজী মুহাম্মদ শহিদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, মো. বাবুল আহমেদ, আলহাজ্ব মাজহারুল আলম মিথুন, মোঃ এস এম আনিসুর রহমান, মোঃ আনোয়ার হোসেন, মোঃ মাসুম আহমেদ রাজু, মোঃ উজ্জ্বল মিয়া, হাজী মোহাম্মদ আলীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মনির কাসেমী আরও বলেন, গত ১৭ বছর আমরা গোলামের জিন্দেগী যাপন করেছি। মসজিদে মন খুলে কথা বলতে পারিনি। আমাদের মা-বোনরা ঘরে বাইরে নিরাপদ ছিলো না। কত জুলুম অত্যাচার আমরা সহ্য করেছি।যে ফ্যাসিস্ট আমাদের উপর এতো অত্যাচার করেছে, তাকে বিতাড়িত করে কি নব্য ফ্যাসিস্টের হাতে দেশের চাবি দিতে চাই? যদি না চাই তাহলে ১২ তারিখে এ আসনে খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে বিপ্লব করুন।
তিনি বলেন, যারা সমাজকে মাদকমুক্ত করতে চান, তারা সবাই খেজুর গাছের নিচে চলে আসুন।আপনাদের সবাইকে বুকে টেনে নিবো। সবাইকে নিয়ে নারায়ণগঞ্জকে মাদকমুক্ত করবো ইনশাআল্লাহ।
ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, আমরা আগে জেনেছিলাম আমাদের নারায়ণগঞ্জ-৪ আসনের ব্যালেট পেপারে ধানের শীষ থাকবে।কিন্তু জনাব তারেক রহমানের তদবিরের কারণে এ আসনের ব্যালট পেপারে ধানের শীষ থাকবে না। মুফতি মনির কাসেমী আমাদের জন্য আল্লাহর দান। আমরা তাকে প্রার্থী হিসেবে পেয়ে আল্লাহর শোকরিয়া আদায় করছি।
তিনি বলেন, আমরা শুনতে পাচ্ছি, কেউ কেউ শত শত কোটি টাকা ইনভেস্ট করছেন। তারা নাকি টাকার জোড়ে বিজয় ছিনিয়ে নিবে। আমি বলতে চাই, বিএনপির কর্মীরা টাকার লোভী নয়। তারা দল ভালবাসেন। দল যাকে মনোনয়ন দিয়েছে আমরা তার পক্ষেই কাজ করবো ইনশাআল্লাহ।