শীতলক্ষ্যা রিপোর্ট
তালেবান সরকারের আমন্ত্রণে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী সহ দেশের সাতজন শীর্ষ আলেম আফগানিস্তান সফরে গেছেন। বুধবার সকালে সৌদি আরব থেকে দুবাই হয়ে আফগানিস্তানে পৌঁছায় এ প্রতিনিধি দলটি।
সফরে তাদের সঙ্গী হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আবদুল হামিদ, মাওলানা আবদুল আউয়াল, মাওলানা আবদুল হক, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী ও মাওলানা মাহবুবুর রহমান।
আফগানিস্তান সফর সম্পর্কে জানতে চাইলে মনির হোসাইন কাসেমী জানান, আফগানিস্তান স্বাধীন রাষ্ট্র। তাদের সরকার আমাদের দাওয়াত করেছে। সেই দাওয়াতে রাষ্ট্রীয় মেহমান হিসেবে আমরা কাবুল সফরে রয়েছি। সেখানে তাদের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের বিমান বন্দরে স্বাগত জানিয়েছেন। আফগানিস্তানের প্রধান বিচারপতি, মন্ত্রী ও শীর্ষ আলেমদের সঙ্গে মানবাধিকার ও নারী অধিকার নিয়ে আলোচনা হয়েছে। তাদের উন্নয়ন দেখছি, বিভিন্ন প্রদেশ ঘুরে বেড়াচ্ছি। কাবুল থেকে আজ খুস্ত প্রদেশ এসেছি। আরো দুই তিনদিন আফগানিস্তান সফর করবো।
তিনি আরো জানান, সফরে দুই দেশের আলেমদের সম্পর্ক উন্নয়ন, কূটনৈতিক, বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর ব্যাপারে আলোচনা হবে।
এছাড়া আমরা সম্প্রতি ঘটে যাওয়ো ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবো।