শীতলক্ষ্যা রিপোর্ট
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার মার্কেট ও বাড়িতে হামলা করতে এসেছিল সন্ত্রাসী বাপ্পী, সাগর সহ আরো ১০/১২জন। তাদের প্রতিহত করতে আমরা ব্যর্থ হই। কারন আমরা চিন্তাও করতে পারিনি এভাবে কেউ আমাদের বাড়িতে ও মার্কেটে হামলা করবে। আমরা নিজেদের বাঁচাতেই ব্যস্ত ছিলাম।
তারা যখন আমার দোকানে ভাঙচুর করে, তখন নিজেদের হাতে থাকা চাকু-লোহার রড দিয়ে আঘাত পায় বাপ্পী। পঞ্চবটি মোড়ে অবস্থিত গফুর মার্কেটের ক্লোজ সার্কিট ক্যামেরা চেক করলেই এ তথ্যের সত্যতা মিলবে। এখন আহত হয়ে উল্টো আমাদের বিরুদ্ধে থানায় হামলার অভিযোগ করেছে বাপ্পীর পরিবার।
গতকাল বিকেলে ফোনে এভাবেই ২৬ জুন পঞ্চবটি মোড়ে ঘটনা হামলার ঘটনার বিবরণ দেন ভুক্তভোগী নুর উদ্দিন।
বলেন, আমি সাগরের দোকান থেকে ড্রেন লাইনের জন্য পাইপ কিনতে যাই। তাকে টাকাও দিয়ে আসি। কিন্তু দুই ঘন্টা পেড়িয়ে গেলেও পাইপ না দেয়ার কারন জানতে তার দোকানে যাই। সেখানে গিয়ে তাকে না পেয়ে আমি দোকানের কর্মচারীকে বলে আসি দ্রুত পাইপ পাঠাতে। এরপর আমি বাসায় চলে আসি। আধা ঘন্টা পর হঠাৎ দেখি সাগরের নেতৃত্বে বাপ্পীসহ আরো ১০/১২জন চাকু, লোহার পাইপ, লাঠি নিয়ে আমাদের বাড়ি ও মার্কেটে হামলা করে। আমরা কিছু বুঝে উঠার আগেই তারা আমার দোকান ও বাড়িতে ভাঙচুর চালায়। এসময় বাপ্পী নিজেদের হাতে থাকা অস্ত্রের আঘাতে আহত হয়।
তিনি আরো জানান, একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। সেখানে শুনতে পাবেন বাপ্পীকে ধরে তার ভাই বলছে- ‘আমি কেনো আমার ভাইকে ডেকে নিয়ে আসলাম, আমি আমার ভাইকে এ ক্ষতি কেনো করলাম।’ তার এমন কথাতেই বুঝা যায় তারা পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা করেছিল।
নুরউদ্দিন বলেন, আমি ও আমার পরিবার আইনের উপর শ্রদ্ধাশীল। তারা যে আচমকা পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা করেছে সেটা প্রশাসন সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষন করলেই পাবে।